প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৭ এএম

টানা পাঁচ দিন অতিরিক্ত পানি নিষ্কাশনের পর রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও বন্ধ করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়। এর আগে ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে হ্রদের পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট খুলে কর্ণফুলী নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছিল।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, গত পাঁচ দিন ধরে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়েছে। এতে হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে তা ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল (মিন সি লেভেল)-এ নেমে এসেছে, যা রুল কার্ভ অনুযায়ী স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
তিনি জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৯ ফুট হলেও পানির স্তর ১০৭ ফুটে পৌঁছালে তা বিপৎসীমা হিসেবে বিবেচিত হয়। সে কারণে হ্রদের নিরাপদ পানির উচ্চতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী জলকপাট খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট সচল রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জ/উ