
সাতক্ষীরার দেবহাটাকে শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর এবং অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার কার্যক্রমকে আরও বেগবান করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা ইউনিয়ন পরিষদের সদস্য আজগার আলী ও রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অসীম ঘোষ ও ফারহানা মুক্তি, কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিরিনা রসুল ও শ্যামলী রানী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও লিটন ঘোষ বাপি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য উত্তম রায়, ফিরোজ শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। উপজেলার কোনো শিশুই যেন শ্রমে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে-সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগ। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সমাজের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশুশ্রম আইনত দণ্ডনীয় উল্লেখ করে তারা বলেন, কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না এবং এ বিষয়ে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেবহাটাকে শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।