প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম

রাজনীতি নিয়ে মন্তব্য করতে দেখা যায় না দীপিকা পাডুকোনকে। পেশা বাইরে সমসাময়িক ইস্যুতেও তেমন নাক গলান না। এবার সেই দীপিকার নাম করে গুঞ্জন। তিনি নাকি পরিবেশবাদী সোনম ওয়াংচুকের অনশনে সরাসরি নরেন্দ্র মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে ককরোজ জনতা পার্টির মঞ্চে টানা ১৯ দিন ধরে অনশনে আছেন দেশটির শিক্ষক ও পরিবেশবাদী সোনম। এরইমধ্যে বলিউডের একাধিক তারকা তার হয়ে গলা চড়িয়েছেন। এই অনশনে রাজনীতিবিদদের নড়েচড়ে না বসায় ক্ষোভ ঝেড়েছেন তারা।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে একটি স্টোরি ছড়িয়েছে। দীপিকার নাম করে ছড়ানো ওই স্টোরিতে লেখা, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র!’
ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ বলে কটাক্ষ করা হয়েছে। লেখা হয়েছে, ‘কেউ এই বিষয়ে কথা বলছেন না কেন? আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলি সিনেমাই বানানো হোক না কেন, বাস্তবটা কিন্তু বদলায়নি।’
এরপর থেকেই আলচনার পারদ তুঙ্গে। কেউ কেউ দীপিকাকে বামপন্থী বলে সমালোচনা করছেন। তবে অনেকের দাবি, মন্তব্যটি দীপিকার না। তার ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম কিছু পাওয়া যায়নি। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে দীপিকার নাম করে ছড়ানো হয়েছে পোস্টটি। এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী।
আপাতত মাতৃত্বকালীন ছুটিতে দীপিকা। সম্প্রতি প্রকাশ করেছেন বেবি বাম্প। চার মাসের অন্তাঃসত্ত্বা থাকাকালীন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। সেটি প্রকাশ করতেই স্ফীতোদর নজরে এসেছে সবার।
জ/উ