প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম

বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটারস’ (Doctor of Letters) ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি। আগামী ১৪ আগস্ট, ২০২৬ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) চলাকালে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
সম্মাননা প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। তার ভাষায়, সিনেমা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক এবং তিনি বিশ্বাস করেন, গল্প মানুষের মধ্যে সহমর্মিতা সৃষ্টি, ইতিবাচক আলোচনা ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে তুলে ধরার ক্ষেত্রে আইএফএফএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমন একটি আয়োজনের অংশ হিসেবে এই সম্মাননা পাওয়া তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ জন্য তিনি লা ট্রোব ইউনিভার্সিটি ও আইএফএফএম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিনয়ের পাশাপাশি নারী, শিশু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন রানী মুখার্জি। তার সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবারের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন শুরু হবে ১৩ আগস্ট এবং চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আয়োজকদের মতে, এই উৎসব ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।
দীর্ঘ অভিনয়জীবনে ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ সিরিজ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রানী মুখার্জি নারীর অধিকার, লিঙ্গবৈষম্য, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং সামাজিক সচেতনতার নানা বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি তিনি শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
জ/উ