প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম

বলিউড অভিনেত্রী জেরিন খান একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পাপারাজ্জির এক সদস্যের মন্তব্যে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাতে একটি ডেনিম জ্যাকেট নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন জেরিন। এ সময় উপস্থিত এক ব্যক্তি রসিকতার সুরে তাকে জ্যাকেটটি পরে দেখানোর অনুরোধ করেন। মন্তব্যটি শুনেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।
জেরিন বলেন, “তোমাদের সামনে পরবো? সেটা তো কোনোভাবেই হবে না। এই ধরনের বাজে কথা আমার সঙ্গে বলবেন না। আমি সেই মানুষ নই, যে চুপচাপ এসব সহ্য করবো। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।”
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন জেরিনের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, একজন শিল্পী হিসেবে নিজের ব্যক্তিগত মর্যাদা ও সীমারেখা রক্ষায় তিনি যথাযথ প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের আচরণ পেশাদার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জ/উ