বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি দে লা ফুয়েন্তে ও স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন, আর ইংল্যান্ডকে বিদায় করে শিরোপার লড়াই নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

তবে এবারের ফাইনালের আকর্ষণ শুধু দুই ফুটবল পরাশক্তির দ্বৈরথেই সীমাবদ্ধ নয়। ডাগআউটেও দেখা যাবে এক ভিন্ন লড়াই-স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মধ্যে গুরু-শিষ্যের পুনর্মিলন।

২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে যাত্রা শুরু করেন স্কালোনি। সে সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) লা রোজাস কোচিং একাডেমিতে প্রশিক্ষণ নেন তিনি। সেখানে প্রশিক্ষকদের একজন ছিলেন দে লা ফুয়েন্তে, যিনি তখন স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্বে ছিলেন।

২০২৪ কোপা আমেরিকার সময় সেই স্মৃতি স্মরণ করে স্কালোনি বলেছিলেন, দে লা ফুয়েন্তে কোচিং কোর্সে অংশ নেওয়া অনেককে দারুণভাবে সহযোগিতা করেছেন। তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং তিনি সবসময় তার সাফল্য কামনা করেন।

অন্যদিকে দে লা ফুয়েন্তেও স্কালোনির প্রশংসা করে তাকে একজন ‘মাস্টার’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা এনে দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

স্পেনের সঙ্গে স্কালোনির সম্পর্ক শুধু কোচিংয়ের নয়, ব্যক্তিগত জীবনেও গভীর। তার স্ত্রী এলিসা মনতেরো স্প্যানিশ। তাদের সন্তানদের জন্মও স্পেনে এবং পরিবার নিয়ে তিনি মায়োর্কায় বসবাস করেন। খেলোয়াড়ি জীবনেও তিনি দেপোর্তিভো লা করুনা, রেসিং সান্তান্দের ও মায়োর্কার হয়ে দীর্ঘ সময় স্পেনে খেলেছেন।

ফাইনালের আগে দুই কোচই একে অপরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে তিনি খুশি হবেন, কারণ স্কালোনির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে স্কালোনি বলেন, দে লা ফুয়েন্তে একজন অসাধারণ মানুষ এবং স্পেন যেভাবে খেলছে, সেই ধরনের ফুটবলই তিনি নিজের দলেও দেখতে চান। মজা করে তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক না চললে তিনি দে লা ফুয়েন্তেকে ফোন করবেন, তবে ফাইনালের আগে নয়।

এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই গুরু-শিষ্যই প্রতিপক্ষ। পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বাইরে গিয়ে শিরোপার লড়াইয়ে রবিবার নির্ধারিত হবে, বিশ্বকাপ জিতবেন গুরু, নাকি তারই সাবেক শিষ্য।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft