প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে নিয়ে ইংরেজি ভাষায় জীবনীগ্রন্থ ‘A Golden Soul of Music’ রচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক ডা. সাবরিনা রুবিন। বইটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার প্রকাশ করেছে এবং অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। গ্রন্থটির সম্পাদনা করেছেন কবি নুরুল হক।
বইটিতে শুভ্র দেবের শৈশব, কৈশোর, সংগীতজীবনের সূচনা, সাফল্য এবং ব্যক্তিজীবনের নানা অজানা দিক সাহিত্যিক ভাষায় তুলে ধরা হয়েছে। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
ডা. সাবরিনা রুবিন এর আগে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ফটো পোয়েট্রির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর রচিত বই বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আলবেনিয়া, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা পেয়েছে। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
গীতিকার হিসেবেও ডা. সাবরিনা রুবিনের রয়েছে সমৃদ্ধ পরিচিতি। তাঁর লেখা গান গেয়েছেন ভারতের হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম এবং বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী। এছাড়া তিনি ভারতীয় মালয়ালাম চলচ্চিত্রের জন্যও গান লিখেছেন।
চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান শিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তাঁর গাওয়া দ্বৈত গান দুই বাংলায় সমাদৃত হয়েছে। এছাড়া বলিউড তারকা আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনে অংশ নিয়ে এবং বাংলাদেশের প্রথমদিকের শিল্পীদের একজন হিসেবে এমটিভিতে গান ও মিউজিক ভিডিও প্রচারের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।
সংগীতের পাশাপাশি চলচ্চিত্র ও নাটকেও অভিনয় করেছেন শুভ্র দেব। ‘A Golden Soul of Music’ গ্রন্থটি তাঁর শিল্পীজীবন, সৃষ্টিশীলতা ও ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরা একটি প্রামাণ্য ও অনুপ্রেরণামূলক জীবনীগ্রন্থ।
জ/উ