প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) ফরিদপুর সদর উপজেলার ১০০নং ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার বাড়ৈ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম তৌফিকুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং বিদ্যালয়কে সবুজে ঘেরা পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।