প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া বনবিটের আওতাধীন বাঁশগাড়া মৌজায় প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত কর্মসূচিতে উদ্ধারকৃত বনভূমিতে প্রায় ৮৪ হাজার বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এতে প্রায় ৫০০ শ্রমিক অংশ নেন। বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে বনভূমিটি অবৈধ দখলে ছিল। উদ্ধার শেষে সংরক্ষিত বনভূমি হিসেবে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ ও বন পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় দিনাজপুরের সহকারী বন সংরক্ষক তানভীর নাহিদ ইসলাম, থুমনিয়া বনবিট কর্মকর্তা মহসিন আলী, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরাতে খোদা রানা, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়সহ বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় থুমনিয়া বনবিট কর্মকর্তা মহসিন আলী বলেন, সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধারে অভিযান ও বনভূমি পুনরুদ্ধারে বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।