বন্দর ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম

বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন, লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের নৌখাতের চলমান রূপান্তরমূলক উদ্যোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ খাতে যৌথ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবহন ও নৌপরিবহন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সৌদি আরব এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।

বৈঠকে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষ পরিবহন, বন্দর ও লজিস্টিকস খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft