বছরের সর্বোচ্চ বৃষ্টির দিনে রংপুর আবহাওয়া অফিসের রেকর্ড মাত্র ৭ মিমি, সমালোচনার ঝড়
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম

লালমনিরহাটে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের দিনে রংপুর আবহাওয়া অফিসের প্রকাশিত বৃষ্টির পরিমাণ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসঙ্গতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে যেখানে ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেখানে একই সময়ের জন্য রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে মাত্র ৭ মিলিমিটার। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন সচেতন নাগরিকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় লালমনিরহাট সদর উপজেলায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। 

এর আগে গত ১৫ জুন সর্বোচ্চ ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।

কিন্তু একই সময়ের জন্য রংপুর আবহাওয়া অফিসের প্রকাশিত তথ্যে বৃষ্টিপাত দেখানো হয়েছে মাত্র ৭ মিলিমিটার। দুটি সরকারি প্রতিষ্ঠানের তথ্যের এমন বিশাল ব্যবধান নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লালমনিরহাটের স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্রটি প্রায় দুই মাস ধরে বিকল রয়েছে। এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা যন্ত্র থেকে কম্পিউটারে যে তথ্য পাই, সেটিই প্রকাশ করি। ওই সময়ে ৭ মিলিমিটার রেকর্ড পাওয়া গিয়েছিল, তাই সেটিই জানানো হয়েছে।

তবে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস উপজেলা পরিষদে স্থাপিত আবহাওয়া অধিদপ্তরের ওই যন্ত্রের বর্তমান অবস্থান বা কার্যকারিতা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল থেকে দিনভর থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত টানা ভারী বর্ষণে শহর ও আশপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মাত্র ৭ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার কৃষি অফিসে একটি করে রেইন গেজ (Rain Gauge) স্থাপন করা রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে প্রতিদিন ম্যানুয়ালি বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়। কৃষি, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র স্থাপন করা হয়। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কার্যালয়েও একটি যন্ত্র স্থাপন করা হয়েছিল। তবে বর্তমানে সেই যন্ত্র কোথায় রয়েছে বা সচল আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জেলার সচেতন মহলের দাবি, জলবায়ু পরিবর্তন, বন্যা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সঠিক আবহাওয়ার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিকল যন্ত্র দ্রুত মেরামত, তথ্যের অসঙ্গতি দূর করা এবং দায়িত্বশীল সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, লালমনিরহাটে আবহাওয়া অধিদপ্তরের কোনো স্থায়ী কার্যালয় না থাকায় তাপমাত্রা ও বৃষ্টিপাতসহ বিভিন্ন আবহাওয়াসংক্রান্ত তথ্যের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে রংপুর আবহাওয়া অফিসের ওপর নির্ভর করতে হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft