শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রীর অনুমোদন ও সুবিধাজনক সময় অনুযায়ী শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা উপস্থিত ছিলেন।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটিকে আরও টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় কাঠামোগত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

জাদুঘর উদ্বোধনে বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তবে স্থায়ী জনবল কাঠামো, অর্গানোগ্রাম প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিধিমালার প্রয়োজনীয় সংশোধন ও অনুমোদন সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে দ্রুত জাদুঘর উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দিতে ১৫ জুলাই থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের ঘটনাবলি ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগগুলো মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft