প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পরিবেশ ও সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের দেশ নিজেরাই গড়ে তুলতে হবে, কারণ নিজেরা সচেতন না হলে অন্য কেউ এসে দেশকে ঠিক করে দেবে না।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষই এ দেশের মালিক। তাই পরিবেশ সংরক্ষণ ও দেশকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কল্যাণকর হবে।
বক্তব্যের এক পর্যায়ে খালে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে খাল-বিল ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। খাল-বিল সচল থাকলে বন্যার ক্ষতি কমানোসহ স্থানীয় মানুষ নানা সুবিধা পাবে।
তিনি বলেন, সড়কপথে আসার সময় বিভিন্ন বাজারের আশপাশে কাগজ, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ ও বোতল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং নানা ধরনের রোগব্যাধির সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবহার শেষে প্লাস্টিকের বোতল, প্যাকেট বা অন্য কোনো বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট সচেতন উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।
তিনি আরও বলেন, একটি ঘর যেমন সবাই মিলে পরিষ্কার রাখতে হয়, তেমনি দেশকেও পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবার অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জ/উ