গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় সরকার : উপদেষ্টা ডা. জাহেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম

সরকার গণঅভ্যুত্থানের চেতনা যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ ও তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানের বার্ষিকী শুধু আনুষ্ঠানিকভাবে পালন নয়, এর মূল চেতনা ও মূল্যবোধ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সংস্কৃতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, আগামী ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত, দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হবে। একই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে স্মরণে আলোচনা সভা এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রেজিস্ট্যান্স ডে’ পালন এবং আগামী ৫ আগস্ট জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচিও রয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, জুলাইয়ের ধারাবাহিক ঘটনাপ্রবাহে ১৫ জুলাই ও ১৬ জুলাই গুরুত্বপূর্ণ দিন। এ সময়ের ঘটনাগুলো স্মরণে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপিরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান।
জ/উ