প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মিজানুর রহমান। সোমবার (১৩ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে ছোটো মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
বিতরণ অনুষ্ঠানে সচিব জানান, বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম সম্পাদন করার নির্দেশ দেন। আয়োজিত অনুষ্ঠানে এক হাজার ২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তালজিল পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জ/দি