প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম

উপজেলার খাঁনপুর ইউনিয়নের অন্তর্গত আশুড়ার বিলের উপর একটি বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে যাওয়ায় প্রায় ১৫ গ্রামের মানুষের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। গ্রামগুলোতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও মানুষের চলাচল স্বাভাবিক করার লক্ষে সাঁকোটি দ্রুত পুনঃনির্মাণের দাবি জানিয়েছে গ্রামবাসী।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত আবেদন করা হয়েছে।
দিঘলচাঁদ গ্রামের কমল চন্দ্র সরকার জানান, গ্রামের লালঘাট আশুড়ার বিলের উপর স্থানীয়রা একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন। ওই সাঁকোর উপর দিয়ে দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা পায়ে হেঁটে এবং সাইকেল, মোটর সাইকেল নিয়ে যাতায়াত করছিলেন। গত কয়েকদিনে ভারি বৃষ্টির কারণে পানির তোড়ে প্রায় ২১০ ফুট লম্বা সাঁকোটি ভেসে যাওয়ায় তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। জরুরী ভিত্তিতে সাঁকোটি পুনঃনির্মাণের জন্য সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গ্রামবাসী আবেদন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন জানান, সাঁকো ভেসে যাওয়া সংক্রান্ত একটি আবেদনপত্র পেয়েছেন। যত দ্রুত সম্ভব ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।