‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার মুখে কিয়ারা আদভানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম

মাতৃত্বকালীন বিরতির পর অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তার নতুন সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই এটি নিয়ে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে মুক্তি পাওয়া প্রথম গান ‘তবাহি’-তে কিয়ারা আদভানি ও অভিনেতা ইয়াশের রসায়ন দর্শকদের নজর কাড়লেও, তাদের কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কিছু দর্শক এসব দৃশ্যের সমালোচনা করে একে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এ ধরনের দৃশ্যের আধিক্য প্রয়োজন ছিল না।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘মুঘল-এ-আজম’-এ দিলীপ কুমার ও মধুবালার রসায়ন তাকে অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, প্রেমকে গভীর ও আবেগঘন অনুভূতি হিসেবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন তিনি এবং সেই ভাবনা থেকেই এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন।

এদিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, টিজার ও গান প্রকাশের আগে সম্ভাব্য সমালোচনার বিষয়ে কিয়ারা নির্মাতাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি কিছু দৃশ্য সম্পাদনারও অনুরোধ জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে সিনেমাটির নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়ান সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া কেমন হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft