প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য কোনো বডি ডাবলের সহায়তা ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন তিনি।
নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় নারীপ্রধান গল্পে নির্মিত অন্যতম বড় আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স এটি। ছবিতে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী যোদ্ধার চরিত্রে, যা তার অভিনয়জীবনের অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, পানির নিচের দৃশ্যটি শুধু একটি অ্যাকশন স্টান্ট নয়, বরং পুরো কাহিনির গুরুত্বপূর্ণ অংশ। বাস্তবসম্মতভাবে দৃশ্যটি ধারণ করতে কয়েক মাসের পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। ভারী পোশাক পরে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের পাশাপাশি জটিল অ্যাকশন কোরিওগ্রাফিও নিজেই সম্পন্ন করেছেন রাশমিকা।
শুটিং শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম, কারণ আমরা এই কাজটাই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।”
প্রযোজনা সংস্থার বিশ্বাস, ‘মাইসা’-র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স প্রযুক্তিগত উৎকর্ষ এবং নির্মাণশৈলীর দিক থেকে ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।
এদিকে রাশমিকা মান্দানার ব্যস্ততা অব্যাহত রয়েছে। সম্প্রতি ‘ককটেল ২’-এ শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’-র কাজও এগিয়ে নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জ/উ