প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী জানিয়েছেন, উপযুক্ত চিত্রনাট্য ও অনুপ্রেরণাদায়ক চরিত্র পেলে তিনি আবারও বড়পর্দায় অভিনয়ে ফিরতে আগ্রহী। দীর্ঘদিন চলচ্চিত্রে অনিয়মিত থাকলেও সিনেমার প্রতি তার ভালোবাসা এখনো অটুট বলে জানান তিনি।
সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হেমা মালিনী বলেন, সত্তর ও আশির দশকের চলচ্চিত্র নির্মাণের পরিবেশ ছিল অনেক বেশি আন্তরিক ও স্বতঃস্ফূর্ত। বর্তমানে প্রযুক্তিনির্ভর ও দ্রুতগতির শুটিং পদ্ধতির সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেন না বলেই অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন।
তিনি বলেন, শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য যে কোনো চরিত্রে অভিনয় করতে চান না। এমন চরিত্রেই ফিরতে চান, যা তাকে অনুপ্রাণিত করবে এবং অভিনয়ের তৃপ্তি দেবে। তাই শক্তিশালী ও মানসম্মত চিত্রনাট্য পেলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন।
একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতাদের ভিন্নধর্মী কাজের প্রশংসাও করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন, সময়ের পরিবর্তনকে সম্মান করেন এবং নতুন ধারার নির্মাণকে ইতিবাচকভাবে দেখেন। তবে নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যের জায়গা হিসেবে এখনো পুরোনো চলচ্চিত্র নির্মাণের আবহকেই বেশি ভালো লাগে।
জ/উ