প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো-সংগঠনটির ইতিহাসে এই প্রথম কোনো নারী সাধারণ সম্পাদকের দায়িত্বে নির্বাচিত হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃতী শিক্ষার্থী মোছা. কাকলী খাতুন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এফ এম সাদমান। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. কাকলী খাতুন।
সংগঠনসংশ্লিষ্টরা মনে করছেন, কাকলী খাতুনের এই নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি নাটোর জেলার নারী শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উচ্চশিক্ষা ও শিক্ষার্থী নেতৃত্বে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এফ এম সাদমান বলেন, “নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের সবার একটি পরিবার। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক, আবাসন এবং বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে আমরা কাজ করব।”
প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে মোছা. কাকলী খাতুন বলেন, “এটি যেমন আমার জন্য গর্বের, তেমনি বড় দায়িত্বও। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে চাই। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের ভর্তি, আবাসন ও বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি নাটোর জেলার শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করব।”
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে সংগঠনকে আরও কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জ/উ