অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাতে হবে। অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা, তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। পুলিশকে ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জুন মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখা ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft