প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম

২৪ বছর পর বিশ্বকাপ ফুটবলের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শেষ চারের এই মহারণ মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। সাবেক ইংলিশ ফুটবলার জো কোলের মতে, ইংল্যান্ডই আর্জেন্টিনাকে হারিয়ে অনেকদিন পর তাদের হারের স্বাদ উপহার দেবে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।
সম্প্রতি ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে জো কোল জানান, মেসিকে থামানোর মতো সামর্থ্য ইংল্যান্ডের রয়েছে। আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারলে ম্যাচের ভাগ্য নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি।
কোল বলেন, ‘মেসি এই প্রথমবারের মত ইংল্যান্ডের বিপক্ষে লড়তে যাচ্ছে। তাকে হারানোর এক অভিনব কৌশল জানা আছে। আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, শতভাগ নিশ্চিত।’
শুধু মেসিকে আটকানো নয়, ইংলিশ আক্রমণভাগ নিয়েও আত্মবিশ্বাসী জো কোল। তার মতে, ইংল্যান্ডের শক্তিশালী ফরোয়ার্ড লাইন আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে ফেলতে পারে। তবে লিওনেল স্কালোনির দল যে সহজ প্রতিপক্ষ নয়। সেটিও ভালোভাবেই জানেন সাবেক এই ইংলিশ তারকা।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের।
সবশেষ ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে, কাতার বিশ্বকাপের শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি জয়। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কে জেতে?
জ/উ