প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম

গোয়ালন্দ পৌরবাসীর জীবন-মান উন্নয়ন ও সেবা করার ব্রত নিয়ে বিশিষ্ট সমাজসেবক, ওমান প্রবাসী ও তরুন রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর খান, তিনি আগামী নির্বাচনে গোয়ালন্দ পৌর মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন। এই উপলক্ষে আজ শনিবার সকালে অসহায় খেটে খাওয়া মানুষের জন্য গোয়ালন্দ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এক বর্ণাঢ্য ফল উৎসব ও বিতরণের আয়োজন করেন।
‘ফলেই স্বাস্থ্য, ফলে সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে অটোভ্যান, রিক্সাচালকসহ অসহায় গরীব ও নিম্ন আয়ের প্রায় ২০০ পরিবারের মাঝে ৫ কেজি করে বিষমুখ মৌসুমি পাকা আম উপহার হিসেবে দেন তিনি। এসময় আম উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে অটোভ্যান চালক শাহজাহান ওরফে সাজাই বলেন, ‘বাজারে এখন আমের দাম অনেক বেশি, তাই সচরাচর আম কেনা হয় না। জাহাঙ্গীর ভাইয়ের এমন উদ্যোগ আমাদের অভাবের দিনে কিছুটা স্বস্তি দিয়েছে।
৬নং ওয়ার্ডের আরেক বাসিন্দা নূরজাহান ওরফে নুরি বেগম বলেন, নিজের টাকায় আম কেনার সামর্থ্য নেই, তাই এই উপহার আমার কাছে অনেক বড় পাওয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খানের প্রতিনিধি ও গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল।
তিনি বলেন, মানব সেবাই পৌর মেয়র প্রার্থী জাহাঙ্গীর খানের রাজনীতির মূল লক্ষ্য। পৌরবাসীর দ্বারে জাহাঙ্গীর খান-এই ব্রত নিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়ন সমৃদ্ধ পৌরসভা গড়তে চায়। তিনি আরও বলেন, এটি কেবল শুরু। পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার অসহায় মানুষের জীবন মান পরিবর্তনে ব্যাপক বাস্তবমুখী পরিকল্পনা ও চিন্তাধারা রয়েছে জাহাঙ্গীর খানের।
এসময় মেয়র প্রার্থী জাহাঙ্গীর খানের ভাতিজা আল-মাহামুদ মামুন, পৌর বিএনপির মহিলা সম্পাদিকা জোসনা বেগম, বিল্লাল হোসেন, সোহেল, আমিরুল, শাহীনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর খানের এমন মানবীক উদ্যোগ ও নির্বাচনী ইশতেহার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি তার আগামীর পথ-চলায় সর্বস্তরের পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।