প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবন-নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুক্রবার (১১ জুলাই) টানা বৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন হুমাম কাদের চৌধুরী। তিনি তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, রাঙ্গুনিয়ায় পরিবেশের ক্ষতি হয়-এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অবৈধ পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বালু উত্তোলনে অনিয়ম রোধে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় পরিবেশবিধ্বংসী অন্যান্য কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
জ/দি