প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ মামলায় আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সব পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
শুনানিতে আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করা উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, পুরো সংশোধনী বাতিল করলে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতে পারে। তাই তারা সংশোধনীর কিছু অংশ বাতিলের আবেদন করেছেন।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েকদিন শুনানি অনুষ্ঠিত হওয়ার পর বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে তা বাতিলের রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়, যার ওপর শুনানি শেষে এখন আপিল বিভাগ রায় ঘোষণা করতে যাচ্ছে।
জ/উ