জাহিদ হোসেনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে নারী ও শিশু অধিকার, সামাজিক নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসিও উপস্থিত ছিলেন।

আলোচনায় নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, লিঙ্গ সমতা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠে কাজ করছে।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু অধিকার সুরক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওএসসিসি), কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং ডিএনএ ল্যাবের কার্যক্রম তুলে ধরে বলেন, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনায় বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, চা-শ্রমিক, সাঁওতাল ও পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হস্তশিল্প ও কেয়ারগিভিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের নারীদের জন্য সর্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, নারীদের নামে স্বচ্ছ অনলাইন প্রক্রিয়ায় কার্ড ইস্যু করা হচ্ছে এবং এ ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না।

তিনি আরও বলেন, শিশুদের কল্যাণে সরকার বিনামূল্যে মিড-ডে মিল ও ইউনিফর্ম প্রদানের উদ্যোগ নিয়েছে। আলোচনায় বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য যুক্তরাজ্যে রপ্তানির বিষয়ে সহযোগিতা কামনা করলে সারাহ কুক ইতিবাচক সাড়া দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের নারী ক্রিকেট ও ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন।

বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন সারাহ কুক। পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft