প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ ও ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
রিজভী বলেন, বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং আইন লঙ্ঘনকারী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশের গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর দলের অবস্থান তুলে ধরেন। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জ/উ