প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ থেকেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণ কার্যক্রমে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জ/উ