প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে বিনামূল্যে ত্রাণ কার্য (চাল) ও নগদ অর্থের চেক এবং কৃষি সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মনোহরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো.আবুল কালাম এমপি।
এ সময় তিনি বলেন, বিএনপি সরকার সকল সময়ে মানুষের কল্যানে কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ মনোহরগঞ্জ উপজেলার ১হাজার পরিবারকে ৩০কেজি করে চাউল ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে নগদ ৭ হাজার টাকা এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ, গাছের চারা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমি মনোহরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করছি। মনোহরগঞ্জ উপজেলায় কয়েকটি হাইওয়ে সড়ক করার পর বাস চলাচলের পাশাপাশি একটি মহিলা কলেজ স্থাপনেরও পরিকল্পনার কথা জানান।
মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসহায় সুবিধা ভোগীগণ।