প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:৫৭ এএম

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় সংঘটিত আলোচিত আমির হোসেন গুলিবর্ষণ ও মায়া-নাদিম হত্যা মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় প্রদান করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
মামলার আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া অন্য চার আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা আমির হোসেন গুলিবিদ্ধ হন। একই ঘটনায় মায়া ও নাদিম ইসলাম নিহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। মামলায় মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে, আসামিপক্ষ তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেছে। আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।
জ/উ