প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৪৯ এএম

শিশুদের পুষ্টিহীনতা ও অন্ধত্ব প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ বছর প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে।
এদিকে দেশের ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় মূল ক্যাম্পেইনের পরবর্তী চারদিন বিশেষ ‘চাইল্ড-টু-চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
জ/উ