প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৭ পিএম

গাইবান্ধায় পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি উজ্জ্বল মিয়া (২৫)–কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উজ্জ্বল মিয়া সদর উপজেলার বেড়াডাঙ্গা কুঠি এলাকার মৃত শাহিন মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর সঙ্গে পারিবারিকভাবে আসামির বিয়ে ঠিক হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া গত ২৭ মে সকালে কৌশলে ভুক্তভোগীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগও আনা হয়। পরে বিয়ের বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করলে আসামি বিয়ে না করে পালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর মা ৭ জুন গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জ/দি