প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ জিডি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১১ জুন অ্যাটর্নি জেনারেল ফেসবুক ব্রাউজ করার সময় দেখতে পান, আইনজীবী এবিএম ইব্রাহিম খলিলের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গত ২৫ মে রাষ্ট্রপতির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। অথচ চিঠিতে তার নিয়োগের আগের সময়ের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া চিঠিতে দেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্টের কার্যক্রম সম্পর্কেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
জিডিতে দাবি করা হয়, উক্ত চিঠিটি প্রথমে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয় এবং পরে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বিচার বিভাগ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে।
এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অ্যাটর্নি জেনারেল দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ প্রেক্ষাপটে অপপ্রচারের পেছনে বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
জ/উ