প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের নথি আজ মঙ্গলবার হাইকোর্টে পাঠানো হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার পূর্ণাঙ্গ রায়ে বিচারকের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
এর আগে, গত রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাদের কারাগারের কনডেম সেলে স্থানান্তর করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। পরদিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।
মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মাত্র চার কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়।
জ/দি