প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের সহায়তা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (১৩ জুন) কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকাজে সহায়তা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং তাদের উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তাই কৃষি, সেচ, অবকাঠামো ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও চালু রেখেছে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজারে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টদের মতে, পাতলী খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন, সেচব্যবস্থা এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
জ/উ