বিশ্বকাপ উন্মাদনায় জার্মানির রঙে রাঙানো প্রবাসীর বাড়ি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম

ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের নানা চিত্রের মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন নাটোরের বড়াইগ্রামের জার্মানপ্রবাসী সাগর কুলেন্তুনু। তার বাড়ি, আঙিনা, গাছপালা এবং আশপাশের পরিবেশ সাজানো হয়েছে জার্মান জাতীয় পতাকার রঙে, যা ইতোমধ্যে স্থানীয়দের কাছে ‘জার্মান বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে।

বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় অবস্থিত প্রায় এক একর আয়তনের এই বাড়িতে জার্মানির ৪০টি জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে ১০টি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়েছে, যা জার্মান পতাকার চেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে।

বাড়ির টিনের চাল, দেয়াল এবং বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছে জার্মান পতাকার কালো, লাল ও হলুদ রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। আঙিনার একটি অংশ ফুটবল মাঠের আদলে সাজিয়ে সেখানে জার্মান দলের খেলোয়াড়দের প্রতিকৃতি, গোলপোস্ট এবং বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ স্থাপন করা হয়েছে। এছাড়া জার্মানির চারবারের বিশ্বকাপ জয়ের স্মারক তথ্যও প্রদর্শন করা হয়েছে।

নান্দনিক এই সাজসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। অনেকেই সেখানে ছবি ও ভিডিও ধারণ করছেন। বিশ্বকাপ উপলক্ষে বাড়িটির ব্যতিক্রমী রূপ স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও আকৃষ্ট করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর কুলেন্তুনু বর্তমানে জার্মানির ডর্টমুন্ডের একটি হাসপাতালে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। জার্মানিতে দীর্ঘদিন বসবাসের কারণে দেশটির প্রতি তার বিশেষ অনুরাগ তৈরি হয়েছে। এর আগেও ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি নিজের বাড়িকে জার্মান পতাকার আদলে সাজিয়েছিলেন।

সাগর কুলেন্তুনুর স্ত্রী এলমিনা সরকার জানান, বিশ্বকাপ উপলক্ষে তার স্বামীর পরিকল্পনা ও নির্দেশনায় পুরো বাড়িটি সাজানো হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বাড়িটি দেখতে আসছেন, যা তাদের জন্য আনন্দের বিষয়।

পাবনার ঈশ্বরদী থেকে বাড়িটি দেখতে আসা কলেজ শিক্ষার্থী অবনী সরকার বলেন, তিনি অন্য দলের সমর্থক হলেও বাড়িটির সৃজনশীল ও নান্দনিক সাজসজ্জা তাকে মুগ্ধ করেছে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এটি শুধু একটি ফুটবল দলের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বরং সৃজনশীলতারও একটি সুন্দর উদাহরণ। এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করেছে এবং বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের আকর্ষণ করছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft