প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৩৫ এএম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) বন্ধ, নিষিদ্ধ সংগঠনের কথিত অপতৎপরতা রোধ এবং বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইনের অভিযোগ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও তদন্ত প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন বলে তাদের সংগঠন মনে করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কথিত তৎপরতা নিয়ে তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গণঅধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও নীলা শেখ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ ও রাসেল মুন, সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পন্ন করেন।
জ/উ