প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫০ এএম

ঈদযাত্রা শুরু হয়েছে আজ। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথমদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মই এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর।
যাত্রীরা বলেন, ট্রেনে অগ্রিম টিকিট পেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভোগান্তি রয়েছে। এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, এবারের ঈদযাত্রায় আমরা তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। ছাদে যাত্রী উঠা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ জোরদার করা হয়েছে । সার্বিকভাবে ভ্রাম্যমাণ আদালত ও পর্যবেক্ষণ টিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ শনিবার এবং আগামীকাল রোববার সরকারি দফতর খোলা থাকবে।
জ/দি