প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৩০ এএম

দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) আবারও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৯ সালে যে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এসে খনন করেছিলেন, ৪৭ বছর পর সেই খালেরই পুনঃখনন কাজের উদ্বোধন করতে শনিবার (২৩ মে) ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন তিনি।
স্থানীয় সূত্র জানা যায়, ১৯৭৬-৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী যে ব্যাপক স্বনির্ভর খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, ত্রিশালের এই খালটি ছিল তারই একটি অংশ। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে স্থানীয় ‘ধরার খাল’ বা বৈলর খালের পরিমাপ ও খনন কার্যক্রমে সরাসরি যুক্ত হন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে দরিরামপুর ধরার খাল খনন করেছিলেন। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ৪৭ বছর পর তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল পুনঃখননের উদ্বোধন করতে যাচ্ছেন।’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বাবার খনন করা খালের পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। পরে নজরুল একাডেমির ডাকবাংলোয় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টায় নজরুল জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য শেষে অডিটরিয়ামে জেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
জ/দি