৩০ বছর পর বিশ্বকাপের দল ঘোষণায় এমন নজির দেখাল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৩১ পিএম

আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। তার আগে সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। এবারের দলে সবচেয়ে বেশি চারজন ফুটবলার জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে।

এর ফলে দীর্ঘ তিন দশক পর বিশ্বকাপের ব্রাজিল দলে এমন দৃশ্য দেখা গেল। সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে চারজন ফুটবলার সুযোগ পেয়েছিলেন। সেই দলে ছিলেন গোলরক্ষক জেত্তি, ডিফেন্ডার কাফু ও লিওনার্দো এবং ফরোয়ার্ড মুলার। পরে বিদেশি ক্লাব হিসেবেও চারজন প্রতিনিধির নজির গড়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

এবার কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে ফ্ল্যামেঙ্গো থেকে জায়গা পেয়েছেন ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো, দানিলো ও লিও পেরেইরা এবং মিডফিল্ডার লুকাস পাকেতা। যদিও প্রাথমিক দলে থাকা ফ্ল্যামেঙ্গোর লিও অর্টিজ, সামুয়েল লিনো ও পেদ্রো শেষ পর্যন্ত জায়গা পাননি।

এ ছাড়া দুজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল থেকে। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের ব্রাজিল দলে চারজন ফুটবলার পাঠাল ফ্ল্যামেঙ্গো।

আরও পড়ুন : মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

সেই বিশ্বকাপে ক্লাবটি থেকে ডাক পেয়েছিলেন জাগালো, দিদা, জোয়েল ও মোয়াসির। কিংবদন্তি জাগালো ফাইনালের শুরুর একাদশেও ছিলেন। ওই আসরে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, এবারের বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর প্রতিনিধির সংখ্যা নয়জন পর্যন্ত হতে পারে। উরুগুয়ের হয়ে ডাক পেতে পারেন আরাসকাইতা, ভারেলা ও দে লা ক্রুজ। কলম্বিয়ার হয়ে থাকতে পারেন কারাসকাল এবং ইকুয়েডরের জার্সিতে দেখা যেতে পারে প্লাতাকে। আগামী ২৭ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল দল। তবে পিএসজি ও আর্সেনালের সঙ্গে থাকা ফুটবলাররা ৩০ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দেবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft