প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৪৬ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বেলজিয়াম। ফুলারিন বালোগানের বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারও সুবিধা দিতে পারলো না স্বাগতিকদের। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বাগতিকদের মুখোমুখি হয় রেড ডেভিলরা।
ম্যাচের শুরুর দিকেই স্বাগতিকদের জালে বল পাঠিয়ে লিড নেয় বেলজিয়াম। ৯ মিনিটে, যুক্তরাষ্ট্রের বক্সের মাঝ থেকে নিকোলাস রাস্কিন এক উঁচু বলের নিয়ন্ত্রণ নিয়ে চার্লস ডি কেটেলারকে বাড়ালে তা অনায়াসেই জালে জড়ান তিনি।
এরপর ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেন যুক্তরাষ্ট্রের মালিক টিলম্যান। তার নেওয়া ফ্রি কিকটি বেলজিয়ামের ওয়ালে রিফ্লেক্ট হয়ে কোর্তোয়াকে পরাস্ত করে। সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেড করে আবারও দলকে লিড এনে দেন কেটেলার। ২-১ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে আক্রমণের হার বাড়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিস বক্সের বাইরে এসে কেটেলারের সঙ্গে চার্জে গিয়ে বলের দখল হারান। কেটেলারের বাড়ানো বল থেকে ফাঁকা জালে গোল করেন ভানাকেন। গোল ব্যবধান হয় তখন ৩-১। তারপরও আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। তবে সেই আক্রমণ আর লক্ষ্য খুঁজে পায়নি।
এদিকে, ম্যাচের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার রিচার্ডসের কাছ থেকে বল কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক মারেন রোমেলু লুকাকু। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
এই জয়ে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইউরোপের দলটি। সেখানে তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন।
জ/উ