স্পেনের কাছে হেরে পর্তুগাল কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৩৪ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। মঙ্গলবার (৭ জুলাই) ড্যালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ম্যাচের ৯১তম মিনিটে মিকেল মেরিনোর আত্মঘাতী গোলে পরাজয় নিশ্চিত হয় তাদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, ‘পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু আমরা সেটা জিততে পারিনি, তাই এখানে আমার আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই আমার শেষ।’

তিনি আরও বলেন, ‘পর্তুগাল দলের এখন একজন নতুন নেতা এবং নতুন কণ্ঠস্বরের প্রয়োজন।’

মার্তিনেজ জানান, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে।

নিজের দায়িত্বকাল মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমত, আমরা ব্যর্থ হইনি। আমরা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের কাছে হেরেছি। আমরা সমানতালে লড়াই করেছি এবং নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় এই অধ্যায়ের এখানেই সমাপ্তি হওয়া উচিত।’

২০২৩ সালের শুরুতে পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্তিনেজের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর একই স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জিতেছিল পর্তুগাল। তার দায়িত্বকালেই আন্তর্জাতিক ফুটবলে ২৩৩ ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো।

মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের নতুন কোচ কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। দেশটির গণমাধ্যমে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ কোচ হোর্হে জেসুসের নাম আলোচনায় এসেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft