ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশর কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে তিনি ফিলিস্তিনের মানবিক পরিস্থিতির প্রসঙ্গ তোলেন। প্রায় চার মিনিট ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান-যেই হোক না কেন।’

তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’

গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে মিশরের কোচ বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই-ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা হোক।’

রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া।’

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি।

প্রতিপক্ষকে নিয়ে আত্মবিশ্বাসী হাসান বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা ৭ হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft