প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। হারারের হারারে স্পোর্টস ক্লাবে সোমবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টসের সময় মিরাজ জানান, আকাশে মেঘ থাকায় নতুন বলে পেসারদের জন্য কিছুটা সহায়ক পরিবেশ থাকতে পারে। সেই সুবিধা কাজে লাগাতেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা জানান, টসে জিতলে তিনিও আগে বোলিং করতেন। তবে এখন ব্যাটসম্যানদের কাছ থেকে লড়াই করার মতো একটি প্রতিযোগিতামূলক সংগ্রহ আশা করছেন তিনি।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচটি শুধু সিরিজ জয়ের লড়াই নয়, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তাই এই সফরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে টাইগাররা।
ম্যাচের আগের দিন মিরাজ বলেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বড় সুযোগ। সামনে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হবে। এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এতে প্রত্যেক খেলোয়াড় কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাবে। আমরা যদি শতভাগ দিতে পারি এবং দ্রুত মানিয়ে নিতে পারি, তাহলে ভবিষ্যতে সেটা আমাদের জন্য বড় সুবিধা হবে।’
যদিও মূল লক্ষ্য আগামী বিশ্বকাপের প্রস্তুতি, তবু সিরিজ জয়ের দিকেও সমান মনোযোগ রয়েছে বাংলাদেশের। সে কারণেই পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ে সফরে এসেছে টাইগাররা।
বিশ্বকাপের আগে আফ্রিকার কন্ডিশনে নিজেদের যাচাই করার এই সুযোগকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সেই লক্ষ্যেই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।
জ/উ