প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:১৩ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে মাদক সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। জেলা কার্যালয়, নেত্রকোনার পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বৌলাম গ্রামের বাসিন্দা এলাল উদ্দিনের (৫৫) বসতঘরে তল্লাশি চালানো হয়।
এসময় তার ঘরের একটি কক্ষ থেকে সাদা সিনথেটিক ব্যাগে রাখা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর। গ্রেপ্তার এলাল উদ্দিন ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই দিন রাত ৮টার দিকে উপজেলার হিরণপুর বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি বসতঘরের সামনে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পূর্বধলা উপজেলার ইয়ারণ গ্রামের মো. বাইজিদ রহমান অভি (২৩), জাকির (২৭) এবং গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার মো. রাসেল মোল্লা (২৭)।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। আদালত তিনজনকে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে রাতেই তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।