এনবিআর সংস্কার ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩৭ পিএম

রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ছাড়া দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে সরকারের উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নাগরিক সেবাদানের সক্ষমতা কমে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যকর সংস্কার এখন অপরিহার্য।

সোমবার রাতে রাজধানীর হোটেলে শেরাটনে দৈনিক বণিক বার্তার ‘সোনার বাংলা’ নীতি-আলোচনায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‌ যেকোনো অর্থনীতিতে রিসোর্স মোবিলাইজেশন সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। কিন্তু বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত একসময় ১০ থেকে ১১ শতাংশ থাকলেও এখন তা ৭ শতাংশের নিচে নেমে এসেছে। বিশ্বের সবচেয়ে নিম্ন ট্যাক্স-জিডিপি সম্পন্ন দেশগুলোর মধ্যে আমরা চলে গেছি। দক্ষিণ এশিয়ায়ও আমরা সবচেয়ে নিচে।

তিনি বলেন, রাজস্ব আহরণ কমে যাওয়ায় সরকারের ব্যয় করার আর্থিক সক্ষমতা সংকুচিত হয়েছে। ফলে উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা কঠিন হয়ে পড়ছে। তার ভাষায়, ফিসক্যাল স্পেস না থাকলে উন্নয়ন কর্মসূচি নেওয়া যায় না, সামাজিক কর্মসূচিও চালানো যায় না। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমতে থাকে। নাগরিকদের দৈনন্দিন সেবা দেওয়া থেকে শুরু করে কর্মসংস্থান বাড়ানো-সব ক্ষেত্রেই সরকারের সক্ষমতা কমে যায়।

আরও পড়ুন : দেশব্যাপী অনলাইনে আবেদনের মাধ্যমে ডিলার নিয়োগ টিসিবির

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এটিকে আবার বাড়ানোর বিষয়টিই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে প্রথমেই এনবিআরের সংস্কার করতে হবে। এনবিআর রিফর্ম ইজ এ মাস্ট।

এনবিআর সংস্কার নিয়ে আগের সরকারের উদ্যোগের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, নীতি ও বাস্তবায়ন (পলিসি ও এক্সিকিউশন) আলাদা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ছিল অসম্পূর্ণ। ওই উদ্যোগ আসলে পূর্ণাঙ্গ সংস্কার ছিল না। অসম্পূর্ণ সংস্কার (হাফ-বেকড রিফর্ম) বিপজ্জনক। কিছু না থাকলে বরং সুবিধা হতো। কিন্তু অসম্পূর্ণ অবস্থায় রেখে দিলে সেটা আরও সমস্যার সৃষ্টি করে। আগের কাঠামোটি পুনর্বিবেচনা করে নতুনভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংসদে বিল স্থগিত করে একটি কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রথমে ওই অসম্পূর্ণ কাঠামোটি বাতিল বা সংশোধন করতে হবে, এরপর নতুনভাবে সংস্কার করতে হবে। আমরা যত দ্রুত সম্ভব কার্যকর দুইভাগে বিভক্ত (বাইফারকেশন) করতে চাই। ট্যাক্স নীতি প্রণয়নের ক্ষেত্রে শুধু ব্যুরোক্রেটিক দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়ার ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন : আগামীকাল থেকে ২৩ মে'র ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

তার ভাষায়, ট্যাক্স পলিসি যারা নির্ধারণ করবে, তাদের বাংলাদেশের অর্থনীতির ডিএনএ বুঝতে হবে। দেশের প্রতিটি সেক্টরের বাস্তবতা, ব্যবসায়ীদের সমস্যা, সাধারণ মানুষের চাহিদা-সবকিছু সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। শুধু অফিসে বসে হিসাব মিলানোর জন্য কর বাড়ালে হবে না। ব্যবসার পেইন বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পেইন বুঝতে হবে, সাধারণ মানুষের পেইন বুঝতে হবে। বর্তমান কর ব্যবস্থার একটি বড় সমস্যা হিসেবে একই করদাতার ওপর বারবার চাপ বাড়ানোর প্রবণতার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ট্যাক্স কম পড়লেই বলা হয়-এখান থেকে এত শতাংশ বাড়াও, ওখান থেকে এত শতাংশ বাড়াও। এভাবে শুধু হিসাব মেলানো যায়, কিন্তু অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনা যায় না। তার মতে, অতিরিক্ত করের চাপ বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুন : আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী

তিনি বলেন, যারা বিনিয়োগ করছে, যারা মূলধন রিজার্ভ বাড়াচ্ছে, তাদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করলে তারা পুনঃবিনিয়োগ করতে পারবে না। এই জায়গায় আমাদের ট্যাক্স পলিসিতে পরিবর্তন আসবে। করনীতিকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের করে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার কথাও বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমরা চাই ট্যাক্স পলিসির সুপারিশ সরাসরি অর্থ মন্ত্রণালয়ে আসুক। মাঝখানে অতিরিক্ত ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল (প্রশাসনিক জটিলতা) থাকলে সমস্যা তৈরি হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা টোটালি ট্রান্সপারেন্ট পলিসি চাই। ট্যাক্স-জিডিপি বাড়াতে হবে, কিন্তু এমনভাবে বাড়াতে হবে যাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত না হয়। কর সংস্কারের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও রাজস্বের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলেন অর্থমন্ত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft