সীমান্তে বিদেশি সিমের আগ্রাসন, ঝুঁকিতে নিরাপত্তা ও হারাচ্ছে কোটি টাকার রাজস্ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তঘেঁষা জনপদগুলোতে দিন দিন বাড়ছে ভারতীয় মোবাইল সিমকার্ডের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, দেশের মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়া এবং কম খরচে ইন্টারনেট সুবিধা পাওয়ার কারণে সীমান্তের বহু মানুষ এখন নির্ভরশীল হয়ে পড়ছেন ভারতীয় অপারেটরের সিমের ওপর। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা বাড়ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

উপজেলার কাশিনগর, নোয়াবাদি, নলগড়িয়া, কালাছড়া, ইকরতলী, সেজামুড়া, ধোরানাল, জলিলপুর ও লক্ষীপুরসহ বেশ কয়েকটি সীমান্তবর্তী গ্রামে ভারতীয় সিম ব্যবহার করে অনলাইন যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইন্টারনেটভিত্তিক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সীমান্তের কাছাকাছি হওয়ায় অনেক এলাকায় ভারতীয় মোবাইল নেটওয়ার্ক সহজেই চলে আসে। তুলনামূলক কম মূল্যে মিনিট ও ডাটা সুবিধা পাওয়ায় তরুণদের মধ্যে এসব সিম ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই দেশের সিমে নেটওয়ার্ক সমস্যার অভিযোগও তুলেছেন।

আরও পড়ুন : শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি, বিদেশি সিম ব্যবহারের সুযোগ নিয়ে সীমান্তপারের চোরাকারবারি, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীরা সহজে যোগাযোগ রক্ষা করছে। এতে সীমান্ত এলাকায় অপরাধ সংঘটনের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে বিদেশি সিম ব্যবহার শুধু টেলিযোগাযোগ খাতের জন্য ক্ষতিকর নয়, এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকির কারণ হতে পারে। একই সঙ্গে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় সিম ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft