প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২৩ এএম

গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দিতে শোকাবহ পরিবেশে তাদের দাফন করা হয়।
সকাল ৬টায় আইনী প্রক্রিয়া শেষে দুটি লাশবাহী গাড়িতে করে মরদেহগুলো গ্রামে এসে পৌঁছানোর পর আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদে। মা-বাবার বুকফাটা কান্না আর গ্রামবাসীর চোখের জলে ভারী হয়ে ওঠে পরিবেশ। এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সেখানে।
জানাজার নামাজ পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। কয়েকশত শোকার্ত মুসল্লী জানাযার নামাজে অংশ নেন। জানাযার নামাজ শেষে মৃতদেহগুলো পাইককান্দি উত্তর চরপাড়া কবরস্থানে দাফন করা হয় । সেখানে পাশাপাশি কবরে রাখা হয় সবাইকে।
গত শনিবার ভোরে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে নির্মমভাবে খুন হন শারমিন আক্তার ও তার ৩ সন্তান এবং শারমীনের ভাই। এ ঘটনায় ঘাতক স্বামী ফোরকানকে প্রধান আসামী করে মামলা হলেও সে ধরাছোঁয়ার বাইরে রয়েছে ।
এদিকে জানাজার নামাজের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুসল্লীরা জানাযার নামাজে শরীক হন।
হত্যাকারী ফোরকান গ্রেফতার না হওয়ায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। জানাযার নামাজে শরীক হওয়া শোকাতুর গ্রামবাসী দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারী ফোরকানকে গ্রেফতারের দাবী জানিয়েছে।
জ/উ