ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৪৬ পিএম

শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং প্রধান ফটকের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন।

জানা গেছে, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া আকস্মিক বৃদ্ধি করা হলে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল থেকেই তারা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে ইপিজেডের ভেতরে ও বাইরে পণ্যবাহী যানবাহন ও কর্মীদের যাতায়াত কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণ ব্যাহত হয়।

আন্দোলনের খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের কিছু দাবি এবং ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং কারখানার উৎপাদন কার্যক্রমও যথারীতি চলছে।”

কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঘণ্টাব্যাপী চলা এই আন্দোলনে কয়েক হাজার শ্রমিক অংশ নিলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft