দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার এবং বিরোধী দলের কোনো মতপার্থক্য নেই : প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪১ এএম আপডেট: ২৩.০৪.২০২৬ ২:০২ পিএম

জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই।
তিনি বলেন, 'আজ আমরা সবাই যে সংসদে দাঁড়িয়ে আছি, এটি অনেক শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের মানুষের সুন্দর একটি ভবিষ্যত কীভাবে প্রতিষ্ঠিত করবে, সেই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। কিছু বিষয়ে সরকার ও বিরোধীদলের মতপার্থক্য রয়েছে। তবে, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে আমাদের মাঝে কোনো মতপার্থক্য নেই।'
বিরোধীদলের উদ্দেশে তারেক রহমান বলেন, 'যদি দেশ ও দেশের মানুষের কোনো বিষয়ে আমাদের সামনে কিছু উপস্থাপন করেন, কোনো ইতিবাচক প্রস্তাব আনেন, আলোচনা করতে চান কিংবা পরামর্শ-সুপারিশ দেন বিএনপি সর্বদা আলোচনা করার জন্য প্রস্তুত।'
এসময় সংসদ নেতা হিসেবে বিরোধীদলকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন পরবর্তীতে দু'পক্ষ বসে আলোচনার মাধ্যমে ইতিবাচক অনেক কিছুই বাস্তবায়ন করতে আগ্রহী সরকার ও তার দল।
জ/দি